বগুড়া অফিস
প্রায় দুই দশক পর বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেল ১২টি পদের সব পদে বিজয় অর্জন করেছে। সভাপতিসহ প্রতিটি পদেই তারা বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করেন। এবারই প্রথমবারের মতো জামায়াত সমর্থিত ব্যবসায়ীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। এ ছাড়া পরিচালক পদে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছা: আছিয়া খাতুন ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে এম এস এম আতিকুর রহমান বাদল গোলাপফুল প্রতীকে ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা পেয়েছেন ২২৭ ভোট। সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন হামিদুল হক চৌধুরী হিরু (৭২৬) এবং মামদুদুর রহমান শিপন (৫৯১)। নিকটতম প্রতিদ্বন্দ্বী এরশাদুল বারী এরশাদ (২৫৩) এবং মামুনুর রশীদ মামুন (১৯৬)।
পরিচালক পদে বিজয়ীরা হলেন- খন্দকার মেজবাহুল হক রন্টু (৬১২), পরিমল চন্দ্র দাস (৫৯৬), আজিজার রহমান মিলটন (৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (৫৬৯), এস এম নূর ই আলম সিদ্দিকী পল্লব (৫৫৭), রাসেদুল ইসলাম (৫৫৩), শফিকুল ইসলাম খোকন (৫৩২), সামসুল হক বেনু (৫২২) এবং মতিউর রহমান (৪৬৬)। এর আগে উৎসবমুখর পরিবেশে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই দশক পর অনুষ্ঠিত নির্বাচনে এক হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোট প্রদান করেছেন।
ফলাফল ঘোষণার পর উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে চেম্বার অব কমার্স সোচ্চার থাকবে। তাই চাঁদাবাজি বন্ধে যেকোনো পদক্ষেপ নিতে পিছপা হবো না। ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা চেম্বারের লক্ষ্য।



