বগুড়া অফিস
বগুড়া শহরের সাতমাথা এলাকায় ড্রেন পুনর্নির্মাণের সময় মাটি খুঁড়ে এসএমজির (সাবমেশিন গান) ৩৩৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় সিটি করপোরেশনের ড্রেন পুনর্নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। কাজ চলাকালীন ড্রেনের তলদেশের মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ গুলির স্তূপ দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিকাদারকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো নিজেদের হেফাজতে নেয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, উদ্ধারকৃত গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি হতে পারে। এ ছাড়া স্থানীয়দের ধারণা, মুক্তিযুদ্ধের সময় জিলা স্কুল চত্বরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প থাকায় গুলিগুলো সেসময়েরও হতে পারে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গুলিগুলোর সুনির্দিষ্ট বয়স ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।



