ময়মনসিংহে ২ নারীসহ প্রাণ গেল ৩ জনের

অন্যান্য স্থানে নিহত ২

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের শম্ভুগঞ্জে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া মানিকগঞ্জ ও নোয়াখালীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো দুইজনের।

ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুতায় বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবেদা খাতুন (৩৫), সিলা আক্তার (২৫) ও দেবরাজ ঘোষ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুগঞ্জ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা ও পুলিশ দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবেদা খাতুন ও সিলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দিক থেকে আসা একটি সিএনজির সাথে পশ্চিম দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। তিনি সিএনজির চালক নাকি যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সুরুজ শেখ জানান, দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরো তিনজন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো: সফি উল্যাহ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার রাতে কবিরহাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সাথে কবিরহাট থানার সামনে আসেন দিনমজুর সফি উল্যাহ। রাতে সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন, তাকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ অটোরিকশার চালক মো: ইউসুফকে (২৭) আটক করে।