১০ মিনিটে ৬৬ হটডগ সাবাড়

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ওয়ার্ল্ড হটডগ ইটিং প্রতিযোগিতায় শিরোপা অক্ষুণœ রেখেছেন জো চেস্টনাট। ৪ জুলাই শনিবার, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে কোনি আইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চেস্টনাট মাত্র ১০ মিনিটে ৬৬টি হটডগ গলধকরন করেছেন। প্রচণ্ড গরম উপেক্ষা করে প্রচুর মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। নারীদের বিভাগে শিরোপা অক্ষুণœœ রেখেছেন মিকি সুডো। ৪২ বছর বয়সী চেস্টনাট ২১ বারের মধ্যে এ নিয়ে ১৮ বার এ শিরোপা জিতলেন। এ শিরোপাজয়ীকে মাস্টার্ড বেল্ট প্রদান করা হয়। নাথান’স ফ্যামাস ফোর্থ জুলাই হটডগ ইটিং প্রতিযোগিতা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। এবার তিনি ১২জনকে পরাস্ত করেন যাদের মধ্যে চেক প্রজাতন্ত্র, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিযোগীও ছিলেন।

জয়ের পর দারুণ খুশি চেস্টনাট। তাৎক্ষণিক দেয়া সাক্ষাৎকারে বলেন, এ জয় স্বপ্নের মতো, এর চেয়ে ভালো কিছু আর পৃথিবীতে নেই। তার গলায় শোভা পাচ্ছিল বেটিং কোম্পানি ‘পলিমার্কেটে’র নামাঙ্কিত মোটা হার। প্রতিযোগিতা শুরুর আগে চেস্টনাট ইনস্টাগ্রামে দেয়া পোস্টে এ প্রতিযোগিতাকে দেশের সবচেয়ে দেশাত্মবোধক বলে উল্লেখ করেন। দ্বিতীয়স্থান অধিকারী ৪১ বছর বয়সী প্যাট্রিক বারতোলেত্তি মাত্র ৫০টি হটডগ খেতে সক্ষম হন।

তবে চেস্টনাট তার ২০২১ সালে গড়া রেকর্ড ভাঙতে পারেননি। সেবার তিনি ৭৬টি হটডগ খেয়েছিলেন ১০ মিনিটে অর্থাৎ মিনিটে খেয়েছিলেন সাড়ে সাতটি হটডগ।

নারী চ্যাম্পিয়ন ফ্লোরিডার ৪০ বছর বয়সী সুডো ১২ বারের মতো উজ্জ্বল গোলাপী মাস্টার্ড বেল্ট জয় করলেন। এবার তিনি ৩৮.৭৫টি হটডগ খেয়েছেন। ২০২৪এ তিনি ৫১টি খেয়ে রেকর্ড গড়েছিলেন। জয়ের পর সুডো তার স্বামীকে নিয়ে দর্শকদের সাথে উল্লাসে মাতেন। ২০২১ সালে তার স্বামী মাত্র তিন মিনিটে ৫০টি সিদ্ধ ডিম খেয়ে রেকর্ড গড়ার পর সুডোকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

জয়ের পর চেস্টনাট ও সুডো দুজনেই উচ্চ তাপমাত্রাকে দায়ী করে বলেন, অতিরিক্ত গরম প্রতিযোগিতাটা তাদের জন্য কঠিন করে দিয়েছে। ব্রুকলিনে তখন তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।