চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের পরিচিতি (ওরিয়েন্টেশন) অনুষ্ঠান গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বেলা আড়াইটায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সম্পর্ক রয়েছে। এখানকার শিক্ষার্থীরা সেসব বিদেশী বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে। উচ্চশিক্ষার জন্য তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছ।’ তিনি আরো বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে দেশে-বিদেশে সুনামের সাথে কাজ করে চলেছে। আজকে তোমরা যারা সিভাসু পরিবারের নতুন সদস্য হয়েছ- আমি আশাকরি তোমরাও তোমাদের সিনিয়রদের পথ ধরে এগিয়ে যাবে এবং এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অগ্রযাত্রা সমুন্নত রাখবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হক, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসন গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার এবং মাৎস্যবিজ্ঞান অনষদের ডিন প্রফেসর ড. মো: ফয়সাল। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। চার অনুষদ থেকে চারজন নবাগত শিক্ষার্থী অনুষ্ঠানে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাঈম ফেরদৌসী হক ও ড. মেহের নাহিদ। বিজ্ঞপ্তি।



