২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের বৈঠকের প্রজ্ঞাপন

Printed Edition

বিশেষ সংবাদদাতা

রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং স্পিকারের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার বেলা ২টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের স্থান হিসেবে সংসদ কক্ষকেই নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন স্বাক্ষর করেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের নির্ধারিত বৈঠকে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনের এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম আরো এক ধাপ এগিয়ে গেল। এরই মধ্যে সরকারি দল বিএনপি দু’টি ও বিরোধী দল একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।