১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষ
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ১৪৪ ধারার মধ্যেও দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আতঙ্ক বিরাজ করছে আশপাশের কয়েক এলাকাজুড়ে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে। সংঘর্ষ আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। এ দিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে দুই গ্রামের মধ্যে বিরোধ সীমাবদ্ধ থাকলেও এখন সংঘর্ষের প্রভাব অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
সাতক্ষীরায় নারীর লাশ উদ্ধার
সাতক্ষীরায় বিধবা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নারীর নাম ওয়াহিদা সুলতানা শিমু (৪০)। তিনি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে। ২০০৭ সালে তার স্বামী সুলতানপুর এলাকার আহসানউল্লাহ গলায় রশি দিয়ে আত্মহত্যা করলে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। পুলিশ সূত্র জানায়, স্বামীর মারা যাওয়ার পর ওয়াহিদা সুলতানা শিমু পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকায় পৈতৃক সূত্রে প্রাপ্ত বাড়িতে একাকি বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে শিমুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতে নিজ ঘরের বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে। সাতক্ষীরা প্রতিনিধি।
১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫
ধর্মপাশা সদর ইউপির হলিদাকান্দা দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নেশার স্বরঞ্জামাদি ও আপন তিন ভাইসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদর হলিদাকান্দা দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সহোদর তিন ভাই আবু বকর (৩৮), মো: মোসেন মিয়া (২১) ও ওমর ফারুক (৩০), একই গ্রামের বকুল মিয়া (৪৫) ও একই ইউপির রাধানগর গ্রামের আতিকুল ইসলামসহ পাঁচজন ইয়াবা ব্যবসায়ীকে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট নেশার স্বরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ শহিদুল্লাহ্ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে উল্লেখিত পাঁচজন ইয়াবা ব্যবসায়ীকে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা।
বিদ্যুৎস্পৃষ্ট শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন, উখড়াশাল গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী মেহেরা খাতুন (৬০) এবং তাঁর পুত্রবধূ ও ছেলে জাহাঙ্গীরের স্ত্রী খালেদা আক্তার বেবী (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রোদ ওঠার পর ধান শুকানোর জন্য ঘর থেকে ধান বের করতে যান খালেদা আক্তার বেবী। এ সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুত্রবধূর চিৎকার শুনে তাকে উদ্ধার করতে ছুটে যান শাশুড়ি মেহেরা খাতুন। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত দুজনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত মেহেরা খাতুনের ফুফাতো ভাই মো: খাইরুল ইসলাম জানান, সকালে ধান শুকানোর জন্য ঘর থেকে ধান বের করতে গিয়ে প্রথমে বেবী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে মেহেরা খাতুনও বিদ্যুতের শিকার হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা
করেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
শৈলকুপায় মাদকসহ ৩ জন আটক
ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা নিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দেবিনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে পলক মোল্যা এবং এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনের স্ত্রী শেফালী খাতুন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে উপজেলার ফুলহরি এলাকার একটি বাঁশবাগানে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা।
মাদকের ঘাঁটি গুঁড়িয়ে দিলো গ্রামবাসী
ফরিদপুরে মাদক কারবার চালিয়ে যুবসমাজকে ধ্বংস করে দেয়ার অভিযোগে একটি দোতলা বিল্ডিং ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ক্ষুব্ধ গ্রামবাসী চারদিকে ফাঁকা একটি স্থানে আয়নাল মোল্লা ও ময়না বেগম নামে এক দম্পতির নির্মাণাধীন ওই বিল্ডিংয়ে হামলা চালায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন তারা সেখানে মাদকের কারবার করছে। তাদের কারণে এলাকার যুবসমাজ ধ্বংস হতে চলেছে। বিভিন্ন সময়ে পুলিশ তাদের গ্রেফতার করার পরে জেল খেটে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আবার মাদক কারবারে জড়িয়ে পড়ে। আর মাদক বিক্রির টাকায় তারা অপরাধের ঘাঁটি বানাচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, তিনি এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। কেউ অভিযোগ দিলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিবেন। ফরিদপুর প্রতিনিধি।
কাউখালীতে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
পিরোজপুরের কাউখালীতে ছাগল বাগানের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ৩১ মে উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরী গ্রামের রসূল হাওলাদারের পালিত ছাগল প্রতিবেশী মোবাশ্বের হাওলাদারের বাগানের ফসল নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে রসূল হাওলাদার মোবাশ্বের হাওলাদারকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গত বৃহস্পতিবার (৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মোবাশ্বের হাওলাদারের (৭৫) মৃত্যু হয়। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।



