ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর প্রাক্কালে খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে চলমান ভিসা জটিলতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এসব বিতর্কের মধ্যেই আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ফিফা কোনো সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না এবং তাদের কাজ মূলত ক্রীড়া আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ।
মেক্সিকো সিটিতে বিশ্বকাপ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, আমরা সবসময় সমাধানের চেষ্টা করি। কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা পৃথিবীর রাজা নই যে সরকার, সীমান্ত কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতে পারব। আমরা একটি ক্রীড়া সংস্থা, আমাদের সামর্থ্যরে মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি।
সম্প্রতি সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমার আরতান বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত তাকে টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়ালদের তালিকা থেকে বাদ দিতে বাধ্য হয় ফিফা। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করলেও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে চাননি ইনফান্তিনো।
বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি নিয়েও প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, তার প্রশাসন কাজ করছে যাতে ‘সঠিক মানুষরাই’ বিশ্বকাপ উপলক্ষে দেশে প্রবেশ করতে পারে। তবে ইনফান্তিনো মনে করেন, অনেক সময় প্রকাশ্যে সংঘাতে না গিয়ে নেপথ্যে কাজ করাই বেশি কার্যকর।
তার ভাষায়, সব সময় চিৎকার-চেঁচামেচি করলে সমাধান পাওয়া সহজ হয় না। কখনো কখনো ধৈর্য ধরতে হয় এবং আড়ালে কাজ করতে হয়। বিশ্বকাপ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে নির্বাচন করার বিষয়ে ফিফার কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি।
এ দিকে রাজনৈতিক উত্তেজনার কারণে আলোচনায় রয়েছে ইরানের অংশগ্রহণও। বিভিন্ন কূটনৈতিক টানাপোড়েন সত্ত্বেও ইরানি ফুটবলারদের ভিসা অনুমোদন দেয়া হয়েছে এবং দলটি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। নিরাপত্তা ও ভ্রমণ ব্যবস্থাপনার অংশ হিসেবে ইরান তাদের প্রস্তুতি শিবির মেক্সিকোতে স্থাপন করেছে এবং ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে।
ইনফান্তিনো দাবি করেন, ফিফা নীরব থাকলেও নিষ্ক্রিয় নয়। পর্দার আড়ালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমরা চাঁদে বাস করি না, পৃথিবীতেই বাস করি। বাস্তবতার মধ্যেই আমাদের কাজ করতে হয়। ইরানকে যুক্তরাষ্ট্রে এনে বিশ্বকাপে খেলানো সহজ ছিল না, কিন্তু আমরা তা সম্ভব করেছি।
বিশ্বকাপ শুরুর আগে ভিসা ও প্রবেশাধিকার নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও ফিফা আশা করছে, মাঠের ফুটবলই শেষ পর্যন্ত সব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।



