রয়টার্স
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে তৈরি হওয়া নিরাপত্তাসঙ্কট ও বৈশ্বিক জ্বালানি বাজারের ডামাডোলের মধ্যে মিসর সফর করছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। গতকাল বুধবার কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা অভ্যর্থনা জানান মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। গত এক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল এই দেশটির ভূখণ্ডে এটিই চীনের শীর্ষ নেতার প্রথম পদার্পণ।
চলতি বছর কিরগিজস্তানে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ শীর্ষ সম্মেলনের পর শি জিনপিংয়ের এটি দ্বিতীয় বিদেশ সফর। মিসর পৌঁছানোর পর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ায় প্রকাশিত এক মন্তব্যে শি উল্লেখ করেন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদবিরোধী লড়াইয়ের ঐতিহাসিক পটভূমি দুই দেশকে ‘ঘনিষ্ঠ ভাই’-এর সম্পর্কে আবদ্ধ করেছে। অন্য দিকে মিসরের রাষ্ট্রীয় সংবাদপত্র ‘আল-আহরাম’-এ প্রকাশিত মতামত কলামে প্রেসিডেন্ট সিসি লিখেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ‘গ্লোবাল সাউথ’-এর ভূমিকা শক্তিশালী করতে যৌথভাবে কাজ করছে দুই দেশ। ৭০ বছর আগে প্রথম আরব ও আফ্রিকান রাষ্ট্র হিসেবে মিসর চীনকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছিল, যা বর্তমানে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতায় রূপ নিয়েছে।
ইসরাইল, সুদান ও লিবিয়া সীমান্তসংলগ্ন এবং সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের নিয়ন্ত্রক হওয়ায় মিসরকে এ অঞ্চলের ভূরাজনীতিতে কৌশলগত কেন্দ্রবিন্দু মনে করা হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিশ্রুতি ও সিদ্ধান্তহীনতা নিয়ে প্রশ্ন ওঠায় কায়রো তার পররাষ্ট্রনীতিতে কৌশলগত ভারসাম্য আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র থেকে বার্ষিক প্রায় ১৩০ কোটি ডলার সামরিক সহায়তা পেলেও মিসর বেইজিংয়ের সাথে সমন্বয় বাড়িয়েছে। গত মাসে আয়োজিত দ্বিতীয় যৌথ সামরিক মহড়ায় চীন আফ্রিকায় প্রথমবারের মতো তাদের ‘জে-১৬’ যুদ্ধবিমান মোতায়েন করে। এ মহড়ায় চীনের তৈরি ফাইটার জেটের পাশাপাশি মিসরের ফরাসি নির্মিত ‘রাফাল’ যুদ্ধবিমান অংশ নেয়, যেখানে চীনের এয়ারফোর্স ট্যাংকার থেকে রাফাল বিমানে জ্বালানি সরবরাহ করা হয়। এর পাশাপাশি মিসরের উৎপাদন খাত, বন্দর ব্যবস্থাপনা, সৌরশক্তি, গ্রিন হাইড্রোজেন ও স্যাটেলাইট প্রযুক্তিতে বেইজিংয়ের বিপুল পরিমাণ বিনিয়োগ অব্যাহত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা, ইসরাইল-ফিলিস্তিন সঙ্কট, লিবিয়া ও লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতির দরুন মিসর বেইজিংয়ের জন্য একটি যৌক্তিক পছন্দের ক্ষেত্র।



