শিক্ষক-ছাত্র মুখোমুখি : ইউরো নাকি কোপা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

২৩তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরো সেরা দল স্পেন ও কোপা আমেরিকার সেরা দল আর্জেন্টিনা। সব কিছু ছাপিয়ে আর্জেন্টিনা এবং স্পেনের লড়াইটি হবে মূলত ‘গুরু বনাম শিষ্যে’র এক রোমাঞ্চকর দ্বৈরথ। যেখানে ডাগআউটে থাকবেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই লড়াইয়ে দুই কোচের মধ্যকার সম্পর্কটি কেবল পেশাদার প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং গভীর বন্ধুত্ব এবং গুরু-শিষ্যের লড়াইয়ে অবর্তীন হবেন।

চলতি বছরের মার্চ মাসে দুই দলের মধ্যকার কাক্সিক্ষত ‘ফিনালিসসিমা’ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পর, বিশ্বকাপ শিরোপায় চুমু খেতে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন। মেসি ক্যারিয়ার শেষটা শিরোপা জয়ে রাঙাতে চাইছেন। সেই সাথে ইতালি ও ব্রাজিলের পর প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে রয়েছে আর্জেন্টিনার। আর স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি রেকর্ড সপ্তম ক্লিন শিট রাখার চেষ্টায় থাকবেন।

২০১৭ সালে ফুটবলার হিসেবে অবসর নেন লিওনেল স্কালোনি। তারপর কোচিং লাইসেন্স সম্পন্ন করতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লা রোজাস অ্যাকাডেমিতে ভর্তি হন। তখন লুইস দে লা ফুয়েন্তে ছিলেন তার অন্যতম প্রধান শিক্ষক। ৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তের সাথে স্কালোনির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকি স্কালোনির ব্যক্তিগত জীবনের একটি বড় অংশ স্পেনের সাথে জড়িত। তার স্ত্রী স্প্যানিশ, সন্তানদের জন্মস্থানও সেখানে। তিনি নিজেও মায়োর্কাতে বসবাস করেন।

সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারানোর পর দে লা ফুয়েন্তে নিজেই আশা প্রকাশ করেছিলেন যেন ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হন। অন্য দিকে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার পর দে লা ফুয়েন্তেকে নিজের ‘শিক্ষক ও পরম বন্ধু’ হিসেবে অভিহিত করেন স্কালোনি। তবে ফাইনালে খেলার ৯০ মিনিট এক অঘোষিত যুদ্ধে লিপ্ত হবে এই দুই গুরু-শিষ্য।

আগামী রোববারের ফাইনালে ডি লা ফুয়েন্তের সাথে উষ্ণ সম্পর্ক থাকলেও নিজের আনুগত্য নিয়ে কোনো দ্বিধা নেই জানিয়ে স্কালোনি বলেন, ‘সবাই জানে আমি স্পেনে থাকি এবং আমার পরিবার স্প্যানিশ। তার পরও আমি ডি লা ফুয়েন্তেকে হারানোরই চেষ্টা করব। তিনি মাঠে দল পরিচালনার ধরন এবং একজন মানুষ হিসেবে- দুই দিক থেকেই আমার সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন।’

সাবেক ছাত্রের স্কালোনির প্রশংসা করে ডি লা ফুয়েন্তে বলেন, ‘লিওনেলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলের সাথে সে সবকিছু জিতেছে। তার অনেক চিন্তাধারার সাথে আমি একমত। পেশাগত ও ব্যক্তিগত- দুই ক্ষেত্রেই আমি তাকে শ্রদ্ধা করি। সে অসাধারণ একজন মানুষ।’

তিনি যোগ করেন, ‘স্কালোনি খুবই পরিশ্রমী ছাত্র ছিল। শেখার প্রতি তার দারুণ আগ্রহ এবং ইতিবাচক মনোভাব ছিল। তার মধ্যে সব সময় নিজেকে আরো উন্নত করার তাগিদ দেখেছি। তার শিক্ষক হতে পারাটা আমার জন্য সম্মানের। তবে সবকিছুর আগে সে আমার বন্ধু। আমাদের মধ্যে এখনো দারুণ সম্পর্ক রয়েছে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা পোষণ করি।’