লালমনিরহাট প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদক নির্মূলে সরকারের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। গত শনিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধেও স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রাশেদুল হক প্রধান।



