ক্রীড়া ডেস্ক
লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে তখন ১-০ গোলে এগিয়ে আর্সেনাল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্বাগতিকের হয়ে কলাম উইলসন জালে বল পাঠান। রেফারিও গোল হিসেবে অনুমোদন দেন। আর্সেনাল গ্যালারি তখন স্তব্ধ। খেলোয়াড়েরা রেফারির কাছে গোলের প্রতিবাদ জানান। আর্সেনাল দাবি করে, উইলসন গোল করার আগে ফাউলের শিকার হয়েছেন গোলরক্ষক ডেভিড রায়া। ওয়েস্ট হামের আক্রমণভাগের খেলোয়াড়দের শারীরিক চাপের মুখে থাকা রায়াকে ফাউল করেন পাবলো।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি মাঠের রেফারিকে জানালে সাইডলাইনে থাকা মনিটরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পুরো ঘটনাটি বেশ সময় নিয়েই রিপ্লে দেখেন। শেষ পর্যন্ত রেফারি আশ্বস্ত হন যে পাবলোর হাতের কারণে রায়ার নড়াচড়া ও বল ধরার ক্ষমতা বাধাগ্রস্ত হয়েছিল, যা গোলের ক্ষেত্রে প্রভাবিত করেছে। রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত জানালে উল্লাসে মেতে ওঠে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে ম্যাচের ৮৩ মিনিটে লিয়ান্দ্রো ট্রোজার্ডের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। শেষ পর্যন্ত ওই গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। আর এই জয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল মিকেল আর্তেতার দল। টেবিলে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল আর্সেনাল। যদিও একটি ম্যাচ কম খেলে ৩৫ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট পেপ গার্দিওলার দলের।
এ দিকে ফ্রান্স লিগ ওয়ানে শিরোপার আরো কাছাকাছি পৌঁছেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত পরশু ম্যাচের ৮২ মিনিটে করা দিজেরি দুয়ের একমাত্র গোলে ব্রেস্টকে হারায় লিগ চ্যাম্পিয়নরা। আর এই জয়ে ৩২ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লুইস এনরিকের দল। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স। লিগে আগামী পরশু মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচে জয় কিংবা ড্র হলেই শিরোপা ধরে রাখবে পিএসজি।



