ঋণের বোঝা যেন জনগণের ওপর চাপানো না হয় : বাংলাদেশ মুসলিম লীগ

Printed Edition

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী এক যৌথ বিবৃতিতে বলেন, প্রস্তাবিত বাজেটের রাজস্ব ও ঋণনির্ভরতার বোঝা যেন সাধারণ জনগণের ওপর চাপানো না হয়। তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতকে উৎসাহিত করার লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা ইতিবাচক এবং প্রশংসার দাবিদার। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, কৃষি উপকরণ, চিকিৎসাসামগ্রী এবং তথ্যপ্রযুক্তি পণ্যে কর-সুবিধা প্রদানের উদ্যোগ জনগণের জন্য স্বস্তির বার্তা বহন করে। একই সাথে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে বাজেটের বিভিন্ন উদ্যোগ দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

তবে নেতৃদ্বয় মনে করেন, বাজেটটি যথেষ্ট উচ্চাভিলাষী এবং এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন একটি বড় চ্যালেঞ্জ। নির্ধারিত রাজস্ব আদায়ে ব্যর্থতা দেখা দিলে সরকারকে অধিক দেশীয় ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হতে পারে, যা ভবিষ্যতে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, রাজস্ব সংগ্রহের নামে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হলে বাজেটের গণমুখী লক্ষ্য ব্যাহত হতে পারে। তাই করের হার বৃদ্ধির পরিবর্তে করজাল সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, অপচয় কমানো এবং রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতার সাথে বাজেট বাস্তবায়ন করবে এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। বিজ্ঞপ্তি।