চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়। এটি শুধু বাংলাদেশ বা চবির আলোচনার বিষয় নয়; বরং সমগ্র বিশ্বের শিক্ষা, গবেষণা, প্রশাসন ও প্রযুক্তি খাতের জন্য একটি বৈশ্বিক বাস্তবতা। উন্নত বিশ্বে এআইর ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং ভবিষ্যতের উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এই প্রযুক্তি।
সেন্ড এ লিটল হোপের আয়োজনে এবং চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহযোগিতায় গতকাল রোববার দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘এআই ফর অল’ শীর্ষক এই এআই নেভিগেটর প্রোগ্রাম- ২০২৬ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিসি আরো বলেন, এআইর ব্যবহার বন্ধ করার কোনো সুযোগ নেই। বরং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা কীভাবে দায়িত্বশীল ও নৈতিক উপায়ে এই প্রযুক্তি ব্যবহার করবেন, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। বর্তমানে অ্যাসাইনমেন্ট, থিসিস, গবেষণাপত্র প্রস্তুতসহ বিভিন্ন একাডেমিক কাজে প্রতিনিয়ত নতুন নতুন এআই টুল যুক্ত হচ্ছে। এআই ব্যবহারের সীমা, নৈতিকতা ও গ্রহণযোগ্যতা নির্ধারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং সেন্ড এ লিটল হোপের চিফ এক্সিকিউটিভ অফিসার মুজাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন চবির অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন। সঞ্চালনা করেন এআই ন্যাভিগেটর অ্যান্ড এআই কনফিডেন্সের কম্যুনিকেশন অফিসার সু-প্রভা ইসলাম।
এর আগে চবি পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন এবং ‘ইম্পর্টেন্স অ্যান্ড ইথিক্যাল ইউজ অব এআই ইন রিচার্স’ শীর্ষক বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো: শহীদুল হক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ড এ লিটল হোপের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ শাদমান শাকিব চৌধুরী, মার্কেটিং বিভাগের পরিচালক আলিফ মেহেরাব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পখাতের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা।



