দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরো সমৃদ্ধ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সোমবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দফতরের অডিটোরিয়ামে ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। বেবিচকের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক। কর্মশালায় সিভিল এভিয়েশন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান। এ ছাড়া এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মো: নূর-ই-আলম। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের কার্যক্রম, আকাশপথে বিমান চলাচল ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট, রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের বিভিন্ন ক্যাটাগরি, অ্যারোনটিক্যাল লাইটস, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস, এয়ারফিল্ড ওরিয়েন্টেশন, এয়ারফিল্ডে বিমান পরিচালনার বিভিন্ন দিক এবং অপারেশন চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবেলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি।



