সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে রাজনীতি ধ্বংসের চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

Printed Edition
জাতীয় প্রেস ক্লাবে মাহবুবুল হক ও মাহবুবুল আলম  তারা স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর  : নয়া দিগন্ত
জাতীয় প্রেস ক্লাবে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের ফলে দেশের রাজনীতি এক ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী’ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, অত্যন্ত পরিকল্পিতভাবে অনলাইন বুলিং ও অপপ্রচারের মাধ্যমে সমাজের কাছে রাজনীতিবিদদের হীন ব্যক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে, যা মূলত রাজনীতি ধ্বংসেরই একটি অংশ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং তার বড় ভাই প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল হক স্মরণে আয়োজিত এক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মরণসভায় মির্জা ফখরুল বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যা খুশি তা-ই করা হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুস্থ রাজনীতি ধ্বংস করার একটি গভীর চক্রান্ত। যারা এই অনলাইন বুলিংয়ের সাথে জড়িত, তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট ভাষা ও কনটেক্সট ব্যবহার করছে, যা রাজনীতির স্বাভাবিক ধারাকে চিরতরে বিনষ্ট করার জন্য যথেষ্ট। এই পরিস্থিতি কোনোভাবেই দেশের জন্য শুভলক্ষণ নয়।’

দেশে কয়েক মাস আগে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরলেও তা এখনো পুরোপুরি বিপদমুক্ত নয় বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘চতুর্দিকে একটি সুনির্দিষ্ট ও সচেতন প্রচেষ্টা লক্ষ করা যাচ্ছে, যেখানে সব কিছুকে ভেঙে এবং অর্থহীন করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত চলছে। কিছু কিছু রাজনৈতিক দল গত বছরের জুলাইয়ের পর থেকে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই এই অপতৎপরতা চালিয়ে আসছে। তারা চায় না দেশে গণতন্ত্র টিকে থাকুক। বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত এই চক্রান্তকারীদের দ্রুত চিহ্নিত করে শক্ত হাতে রুখে দেয়া।’

দেশে বর্তমানে গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন একটি শক্তির উত্থান ঘটছে উল্লেখ করে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, এই অশুভ শক্তি যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে, সেজন্য দেশের সব গণতান্ত্রিক শক্তিকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।

দলের আদর্শ ও রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে ফখরুল আরো বলেন, ‘বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, কোনো বিপ্লবী সংগঠন নয়। তাই বিএনপির কাছ থেকে কেউ হুট করে বড় কোনো বিপ্লব আশা করলে তা ভুল হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং প্রয়াত মাহবুবুল হকের মেয়ে অধ্যাপক জাফরুন নাহারের সঞ্চালনায় এই স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এম মাসরুর রিয়াজ। সভায় মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার পরিবারের সদস্যসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।