কলাবাগানে ডাবল মার্ডার

১৪ মাসের শিশু রায়হানের আশ্রয় কোথায়?

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি ফ্ল্যাটে ঘটে যাওয়া হত্যার ঘটনা কেবল দু’টি প্রাণই কেড়ে নেয়নি, অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে ১৪ মাসের শিশু রায়হানকে। যে বয়সে মায়ের আঁচল আর বাবার কোলই ছিল একমাত্র পৃথিবী, সেই বয়সে সে বড়ই একা। পারিবারিক কলহের জেরে নিজ বাবার হাতে খুন হয়েছেন মা ফারজানা আক্তার রাত্রী (২০) এবং নানী ফিরোজা বেগম (৩৮)। তাছাড়া এই ঘটনায় ঘাতক বাবা শিপনও এখন গ্রেফতার।

বর্তমানে রায়হানের আপন বলতে কেউ নেই। তার কোনো খালা নেই, আর সবচেয়ে প্রিয় নানীও পরপারে। দাদা-দাদীর খবর পাওয়া না গেলেও বর্তমানে সে নানা ফারুক হোসেনের কাছে আশ্রিত। ফারুক হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, আজকে তো আমার ফ্যামিলি শেষ কইরা দিল। আমার একটা নাতি, একটা ছেলে ছোট। আমার সব শেষ কইরা দিল।

ঘটনার দিন সকালে পিকআপ চালক শিপন ধারালো ছুরি নিয়ে শ্বশুরবাড়িতে এসে বাগবিতণ্ডার একপর্যায়ে তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। মেয়েকে বাঁচাতে রান্নাঘর থেকে মা ফিরোজা বেগম এগিয়ে এলে তাকেও নির্মমভাবে আঘাত করা হয়। মর্মান্তিক এই দৃশ্য দেখেছে শিশু রায়হানের আট বছরের মামা ইয়ামিন। হত্যাকাণ্ডের পর ঘাতক শিপন রায়হানকে কোলে নিয়েই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শিশুটি জানেই না তার বাবার হাতেই শেষ হয়ে গেছে তার নিরাপদ আশ্রয়।