নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ যখনই সঙ্কট ও অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে, তখনই বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, উন্নয়ন দর্শন এবং তার জনপ্রিয়তাই বিএনপিকে বারবার জনগণের আস্থা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলরুমে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ দুলু বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন দেশের জনগণ জিয়া পরিবারের অবদান স্মরণ করবে। তিনি আরো বলেন, দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে একটি সুষম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। তিনি দাবি করেন, বিগত সরকারের রেখে যাওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে এ বাজেট প্রণয়ন করা হচ্ছে। এটি হবে শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক একটি গণমুখী বাজেট।
বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান বাবুলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



