নয়া দিগন্ত ডেস্ক
সারা দেশে হামের উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায়ই মারা গেছে ছয়জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ৯৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ৭৮৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৪ জনের, আর আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।



