মসজিদ ও মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবনে মসজিদ মিলনায়তনে ‘হিজরি নববর্ষের বার্তা : মানবতা, ইনসাফ ও ঈমানের দৃঢ়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও মসজিদ মিশনের সভাপতি বরেণ্য আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন বলেন, মানবতা ও ইনসাফ প্রতিষ্ঠায় যুগের পরে যুগ হিজরি নববর্ষ মুসলিম উম্মাহর মাইলফলক হয়ে থাকবে। তা ছাড়া হিজরি নববর্ষ ইসলামের ইতিহাস ঐতিহ্য ও ইসলামী সংস্কৃতির বাহক। মহাররম মুসলিম জাতির এক অনন্যোজ্জ্বল গৌরবগাঁথা ও ইতিহাসের দিন। নিজেদের অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ব মুসলিমকে নব চেতনায় উদ্দীপ্ত করতে হিজরি নববর্ষ অতীব গুরুত্বপূর্ণ।
অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ও মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. আবুল কালাম আজাদ বাশার, ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক ড. মুহাম্মাদ ইকবাল হোসাইন ভূঁইয়া, মিসবাহুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মুহাম্মাদ মহিউদ্দিন আহমদ, মারকাজুল মাদিনা আল ইসলামির পরিচালক শায়েখ আবুল কালাম আজাদ আজহারী, গাউছিয়া দরবার শরিফের পীর ড. আব্দুল কাইউম আল আযহারী, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবিুল্লাহ মুহাম্মাদ ইকবাল, বিশিষ্ট মুফাসসির মাওলানা ফখরুদ্দীন আহমাদ, মাওলানা নাসির উদ্দিন হেলালী, মাওলানা মো: নূরুল আমীন, ড. কামরুল হাসান শাহীন, ড. সাইফুল ইসলাম রফিক (প্রিন্সিপাল মুহাম্মাদাবাদ ফাযিল মাদরাসা), জাতীয় খতিব পরিষদের আমির মুফতি মাওলানা মাউদুর রহমান, হুফ্ফাজ পরিষদ সভাপিত হাফেজ লেয়াকত হোসাইন ও সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান, আলহাজ আকরামুল হক ও নুরুল ইসলাম মল্লিকসহ অন্য উলামায়ে কেরাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় সব আচার অনুষ্ঠান ও ইসলামের গুরুত্বপূর্ণ বিধি-বিধান বা ইবাদত এই হিজরি তারিখের ওপর নির্ভরশীল। ইসলামের পঞ্চম স্তম্ভের গুরুত্বপূর্ণ স্তম্ভ যেমন- রোজা, ঈদ, হজ, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজ, আশুরাসহ সব ধর্মীয় উৎসব পালন করতে হয় হিজরি তারিখ তথা চাঁদের হিসেবের ওপর। তাই ইসলামে এ দিনটি সমগ্র মুসলিম জাতির জন্য এক বিশেষ স্মারক। বিজ্ঞপ্তি।



