নিজস্ব প্রতিবেদক
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তাদের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের (সিইএস) আওতায় ১১টি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে পৃথক ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো ক্ষুদ্র উদ্যোগ অর্থায়নের জন্য সর্বোচ্চ দুই হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ পাবে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)।
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের বলেন, দেশের স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তায় রূপান্তরের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এ স্কিম চালু করা হয়েছে। এ ব্যবস্থায় ব্যাংকগুলো ঋণ দেবে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোকে, তারা তা ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করবে এবং ঋণের গ্যারান্টি দেবে পিকেএসএফ। এর ফলে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যাংকিং খাতের অর্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পিকেএসএফের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
পিকেএসএফ জানায়, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের কার্যক্রম শুরু হয়।



