তারেক রহমান গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের নেতৃত্ব দেবেন : সাইফুল হক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনায় নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সূচনা হয়েছে। তারেক রহমান একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের নেতৃত্ব দেবেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন।’

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক।

সাইফুল হক বলেন, ‘নানা অসঙ্গতি ও সমালোচনা থাকলেও ঢাকা-১২ আসনের নির্বাচনী ফলাফলকে আমরা মেনে নিয়েছি। নির্বাচনের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনায় নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারা সূচিত হলো। আশা করা যায় দেশে এখন উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিসরও বৃদ্ধি পাবে।’

সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন সাইফুল হক। তিনি বিজয়ী সবাইকে অভিনন্দন ও গণভোটে অংশ নেয়া ভোটারদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ মুসলিম লীগের অভিনন্দন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভানেত্রী জুবায়েদা কাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, শেখ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সাথে সাথে বিরোধীদল জামায়াতে ইসলাম নির্বাচন মেনে নেয়ায় তাদেরকেও আমরা অভিনন্দন জানাই।

আমরা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।