ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের আপত্তি ও পরামর্শকে সরকার চাপ হিসেবে দেখছে না, বরং ‘গঠনমূলক’ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেন, সরকারের ভুলত্রুটি এড়াতে ও সচেতনভাবে কাজ করতে এ ধরনের পরামর্শ প্রয়োজন।
গত শনিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল-জামেয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হেফাজতের সাথে সরকারের দূরত্ব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি বিষয়টিকে দূরত্ব হিসেবে দেখছেন না। আলেম-ওলামাদের সাথে যোগাযোগ যত বাড়বে, ব্যবধান ততই কমবে। তিনি বলেন, ‘জ্ঞান জিয়ারত করে আসে না, জ্ঞানের কাছে জিয়ারত করে যেতে হয়। সে কারণেই আমিরে হেফাজতের কাছে দোয়া নিতে এসেছি।’
মহানবী হজরত মুহাম্মদ (সা:)-এর ন্যায়নীতি ও আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। হেফাজত আমির সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ধর্মের অপব্যবহার রোধে তিনি ইতিবাচক ভূমিকা রাখছেন।



