দোয়ারাবাজারে নদীভাঙনে বিলীনের পথে শতবর্ষী কবরস্থান

Printed Edition

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীর ভাঙনে বিলীনের পথে সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের শতবর্ষী পঞ্চায়েতী কবরস্থান। ইতোমধ্যে কবরস্থানের একাংশ নদীতে বিলীন হয়েছে। কয়েকটি কবরের হাড়গোড়ও নদীতে চলে গেছে। এতে কবরস্থান ও আশপাশের এলাকা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা যায়, প্রায় তিন একর জমির ওপর প্রতিষ্ঠিত কবরস্থানের একাংশ ভেঙে নদীতে মিশে গেছে। কয়েকটি কবরের অস্তিত্বও নেই। কোনো কোনো কবর থেকে হাড়গোড় তুলে স্বজনরা অন্যত্র দাফন করেছেন।

স্থানীয়রা জানান, প্রায় এক শতাব্দী আগে শিমুলতলা ও আশপাশের গ্রামের মানুষের উদ্যোগে কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়। কয়েক প্রজন্মের মানুষের স্বজনরা এখানে শায়িত আছেন। কবরস্থানটি স্থানীয়দের আবেগ ও স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে।

শিমুলতলা গ্রামের মাওলানা জমির উদ্দীন বলেন, নদীভাঙন তীব্র হওয়ায় অনেক পরিবার স্বজনদের কবর থেকে হাড়গোড় তুলে অন্যত্র দাফন করেছে। কয়েকটি কবর ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে। দ্রুত সংরক্ষণমূলক ব্যবস্থা না নিলে পূর্বপুরুষদের কবরের স্মৃতিও হারিয়ে যাবে।

স্থানীয় মইনুল হক বলেন, চোখের সামনে কবরগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু ভাঙন ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন আর-রশীদ বলেন, কবরস্থানটি নদীভাঙনের কবলে পড়ায় তিনি উদ্বিগ্ন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেবেন।

দোয়ারাবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) সাদ্দাম হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। কবরস্থানটি পরিদর্শন করে প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নেয়া হবে।