ময়মনসিংহে একদিনে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে পৃথক দুই উপজেলায় একদিনে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে নান্দাইলে ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছে সাত বছর বয়সী এক শিশু। অন্যদিকে গৌরীপুরে খেলাধুলার একপর্যায়ে পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে চাচাতো দুই বোন। হৃদয়বিদারক এ দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে নান্দাইল উপজেলার চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবার বেগুনক্ষেত দেখে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত মাহমুদুল পাশের একটি পুকুরে পড়ে যায়। ছোট ভাইকে ডুবতে দেখে বড় বোন শরীফা তাকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দু’জনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অন্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

অপরদিকে একই দিন বিকেলে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় চাচাতো দুই বোন টুনি মনি (৬) ও মোমেনা খাতুন (৫)। টুনি মনি তাঁতকুড়া পূর্বপাড়ার আব্দুল জলিলের মেয়ে এবং মোমেনা খাতুন ফারুক মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি জমিতে ট্রাক্টর দিয়ে আমন ধানের জমি চাষের সময় অন্য শিশুদের সাথে খেলতে যায় দুই বোন। খেলতে গিয়ে শরীরে কাদাপানি লেগে গেলে পাশের একটি পুকুরে ধুইতে নামে তারা। একপর্যায়ে দু’জনই পানিতে ডুবে যায়। সন্ধ্যায় পুকুরের পানিতে মোমেনার লাশ ভেসে উঠলে স্থানীয়রা জাল ফেলে টুনি মনির লাশও উদ্ধার করে।

গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।