ক্রীড়া প্রতিবেদক নিউ ইয়র্ক থেকে
সিনিয়র বিশ্বকাপ ফুটবলে কখনই চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো মুসলিম দেশ। তাদের সর্বোচ্চ অর্জন সেমিফাইনাল পর্যন্ত যাওয়া। ২০০২ সালে প্রথমবার তুরস্ক সেমিতে উঠেছিল। এরপর ২০২২ সালে মরক্কো সেমিফাইনালে খেলে। জাপান কোরিয়া বিশ্বকাপে তুরস্ক তৃতীয় হলেও কাতারে চতুর্থ স্থান পেয়েছিল মরক্কো। তবে এই দুই দেশের দুই ফুটবলার বিশ্বকাপ ইতিহাসে দুই দ্রুততম গোলের মালিক। এর মধ্যে তুরস্কের হাকান সুকুর বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ডের মালিক। আর মরক্কোর ইসমাইল সাইবারি এবারের ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোল করা ফুটবলার। হাকান সুকুরের গোল এক নম্বরে থাকলেও সাইবারির গোল নেই সেরা দশেও।
জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে তুরস্কের ম্যাচটি ছিল তৃতীয় স্থান নির্ধারণী। দক্ষিণ কোরিয়ার মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচের ১২ সেকেন্ডে গোল করেন তুর্কি স্ট্রাইকার হাকান সুকুর। কোরিয়ান ডিফেন্ডার ও গোলরক্ষকের ভুল বোঝাবুঝির সুযোগে তার এই গোল। আর এবার বোস্টনের জিলেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ৭০ সেকেন্ডে জালের দেখা পান মরক্কোর ইসমাইল সাইবারি। সাইবারির এই গোলটি অবশ্য কয়েক ঘণ্টার জন এবারের বিশ্বকাপের দ্রুততম গোল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কারণ এরপর প্যারাগুয়ের ম্যাথিয়াস গেলারজা ৬৪ সেকেন্ডে গোল করেছেন তুরস্কের বিপক্ষে। ফলে এই ল্যাতিন খেলোাড়টিই এবারের বিশ্বকাপের দ্রুততম গোলদাতা।
ইসমাইল সাইবারি নেদারল্যান্ডসের ক্লাব পিএইচভি আইন্দোহোভেনের খেলোয়াড়। স্পেনে জন্ম তার। এরপর বড় হয়েছেন বেলজিয়াম। ডাচ ক্লাবটির এই সিজনের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা তার। নিজে গোল করেছেন ১৫টি আর অ্যাসিস্ট ৮ গোলে। মরক্কো জাতীয় দলের জার্সিতে ৩১ ম্যাচে ১১ গোল। এবারের বিশ্বকাপে টানা দুই ম্যাচে ২ গোল করে মিসরের মোহাম্মদ সালাহর পাশে চলে এলেন সাইবারি।
হাকান সুকুরের পর দ্বিতীয় স্থানে আছে যুগোসøাভিয়ার ভাকলাভ মাসেকের গোল। ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ১৫ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। তৃতীয় দ্রুততম গোলের মালিক জার্মানির আর্নেস্ট লেহনার। ১৯৩৪ সালের বিশ্বকাপে তার গোলটি ছিল ২৫ সেকেন্ডে। প্রতিপক্ষ অস্ট্রিয়া। ১৯৮২ সালের বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ২৮ সেকেন্ডে গোল করেছেন ইংল্যান্ডের ব্রায়ান রবসন। ২০১৪ সালে ঘানার বিপক্ষে ৩০ সেকেন্ডে গোল করেছিলেন যুক্তরাষ্ট্রের কিন্ট ডেম্পসে। তুরস্কের সেই রেকর্ডধারী ফুটবলার হাকান সুকুর এখন আর দেশে থাকেন না। মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন।



