নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জামায়াতে ইসলামী সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
গতকাল মিরপুরের শাহ আলী থানা জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, সেলাই মেশিন বিতরণ কোনো সাময়িক কর্মসূচি নয়; এটি জামায়াতের দীর্ঘমেয়াদি কল্যাণমূলক কর্মসূচির অংশ। এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হতে পারলে সেই প্রচেষ্টা সফল হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সরকার, রাজনৈতিক দল এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
থানা আমির জি এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং কাউন্সিলর প্রার্থী ডা: মঈনুদ্দিন।



