নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনই ঢাকা বিভাগে মারা গেছে। আর একজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে।
একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১০৯২ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭২ শিশুর, আর উপসর্গ মিলেছে ৯২০ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭৬ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৪ হাজার ১৬৪ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৩ হাজার ৯০৭ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ২৮ হাজার ৭১ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ৯৩ হাজার ২৬০ জন।



