বগুড়া অফিস
বগুড়া শহরের মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়ম এবং ভুয়া চিকিৎসক দিয়ে সেবা দেয়ার অভিযোগে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে কোনো ডিউটি ডাক্তার এবং নিবন্ধিত নার্স উপস্থিত পাওয়া যায়নি। এ ছাড়া ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট সংরক্ষণের কোনো তথ্য ছিল না এবং ভেতরের পরিবেশও ছিল অত্যন্ত অসন্তোষজনক। এসব অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
একই সময়ে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়া অ্যালোপ্যাথি চিকিৎসা প্রদান, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেয়ার অপরাধে এনামুল হক নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। পরে বিএমডিসি আইন, ২০১০ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আজাদ হোসেন জানান, জনস্বার্থে ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



