প্রযুক্তি ডেস্ক
চিকিৎসা খাত ও রোবোটিক্স প্রযুক্তির ইতিহাসে অনন্য মাইলফলক স্পর্শ করে বিশ্বে প্রথমবারের মতো অস্ত্রোপচার সম্পন্ন করেছে হিউম্যানয়েড রোবট। চিকিৎসকদের সাথে মিলে রোবটের এ সাফল্য যুদ্ধক্ষেত্র, প্রত্যন্ত অঞ্চল বা মহাকাশের মতো দুর্গম জায়গাতেও ভবিষ্যতের জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার এক নতুন দুয়ার উন্মোচন করেছে। ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো’র সার্জনদের সাথে যৌথভাবে কাজ করে পিত্তথলি অপসারণের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে একটি হিউম্যানয়েড রোবট।
পরবর্তী আরেকটি অপারেশনে দু’টি হিউম্যানয়েড রোবট পাশাপাশি একসাথে কাজ করে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলি অপসারণ করেছে। এ পরীক্ষামূলক সফল গবেষণার উভয় অপারেশনই স্তন্যপায়ী প্রাণীর ওপর চালানো হয়েছে। এ গবেষণাপত্রের অন্যতম প্রধান লেখক ও ইউসি স্যান ডিয়েগোর ইলেকট্রিকাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাইকেল ইপ বলেছেন, এ গবেষণা প্রমাণ করেছে, অস্ত্রোপচারের ক্ষেত্রে হিউম্যানয়েড রোবটদের উজ্জ্বল ও কার্যকর ভবিষ্যৎ রয়েছে।
এ যুগান্তকারী সাফল্যের পেছনে থাকা গবেষকরা বলেছেন, বর্তমানে চিকিৎসাক্ষেত্রে যেসব বিশেষায়িত রোবোটিক সার্জারি সিস্টেম ব্যবহৃত হচ্ছে, সেগুলোর তুলনায় হিউম্যানয়েড রোবটগুলো বেশ কিছু বাড়তি সুবিধা দেয়। সাধারণত হিউম্যানয়েড রোবট তৈরিতে খরচ কম। প্রত্যন্ত অঞ্চলে এগুলোকে সহজে কাজে লাগানো যায় ও বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার ও নানামুখী কাজ করার ক্ষেত্রে এগুলো পারদর্শী।
‘সার্জি’ ডাকনামের এসব রোবটকে অভিজ্ঞ সার্জনরা দূর থেকে নিয়ন্ত্রণ করেছেন। গবেষকরা বলছেন, এআইয়ের ভবিষ্যৎ উন্নয়ন এদেরকে পরবর্তীতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে অস্ত্রোপচার করার সক্ষমতা এনে দেবে। পৃথিবীর অনেক অঞ্চলের হাসপাতালগুলোই সার্জিকাল টিমে পর্যাপ্ত কর্মী সংকটে ভুগছে। ফলে রোগীরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছেন না। ভবিষ্যতের অপারেশন থিয়েটার নিয়ে আমাদের লক্ষ্য, এমন পরিবেশ তৈরি করা, যেখানে হিউম্যানয়েড রোবট ও মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিত দল হিসেবে কাজ করবে।



