বগুড়া অফিস
দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ ও সার সঙ্কটের প্রতিবাদে এবং কৃষকদের ন্যায্য দাবির সমর্থনে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বগুড়ার বনানী মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, বগুড়া জেলা শাখার সভাপতি মো: রোকনুজ্জামান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা গোলাম রব্বানী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সার ও বিদ্যুৎ সঙ্কটে কৃষক আজ দিশেহারা। অনতিবিলম্বে পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা এবং সুলভ মূল্যে সার সরবরাহ করা না হলে কৃষিজীবী শ্রমিক ও মেহনতি জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক নেতা মো: আজগর আলী, মো: শহিদুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, মো: তারেকুল ইসলাম, মো: মতিউর রহমান প্রমুখ। বক্তারা গ্যাস, বিদ্যুৎ ও সার সঙ্কট সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বনানী মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



