কুড়িগ্রাম প্রতিনিধি
ভারত থেকে অবৈধভাবে বাংলা ভাষাভাষী মুসলিম লোকজনকে বাংলাদেশে ‘পুশইন’ করার ঘটনায় দেশব্যাপী তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে ভারতের সীমান্ত লাগোয়া কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
গত রোববার এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ পুশইনের চেষ্টা ও ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিরোধ করতে সীমান্তজুড়ে দিন-রাত নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। বিজিবি আরো জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউটপোস্ট) থেকে নিয়মিত টহলের পাশাপাশি কৌশলগত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সাথে অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের যৌথ টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উদ্ভূত যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সাথে মোকাবেলার জন্য বিজিবি সব ধরনের প্রস্তুতি রেখেছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সীমান্তবর্তী সাধারণ জনগণকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে দ্রুত বিজিবিকে জানাতে অনুরোধ করা হয়েছে।



