মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘরের আড়ার সাথে কনিকা (২৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ এবং মেঝেতে তার চার বছর বয়সী মেয়ে রাজিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর কনিকা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কনিকা ওই গ্রামের নির্মাণশ্রমিক রাজিবের স্ত্রী। রাজিয়া ছিল তাদের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে রাজিব ও কনিকার বিয়ে হয়। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বৃহস্পতিবার রাতে রাজিব স্ত্রীকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। শুক্রবার সকালে কনিকা মেয়েকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলে শ্বশুর নাজিম মিয়া তাকে রাস্তা থেকে ফিরিয়ে আনেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে স্বজন ও স্থানীয়রা ঘরে কনিকার ঝুলন্ত লাশ এবং মেঝেতে শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজে পাঠায়।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর কনিকা আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



