বেলুচিস্তানে ভারতের ‘প্রক্সি যুদ্ধের’ তথ্যপ্রমাণ বৈশ্বিক ফোরামে দেবে পাকিস্তান

Printed Edition

জিয়ো নিউজ

বেলুচিস্তানে ভারতের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি কেবল রাজনৈতিক বা আইনশৃঙ্খলাজনিত সঙ্কট নয়, বরং এটি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ওপর ভারতের চাপিয়ে দেয়া একটি ‘পূর্ণমাত্রার যুদ্ধ’।

শুক্রবার জিয়ো নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের এই প্রক্সি যুদ্ধের সব প্রমাণ বিশ্বমঞ্চে প্রকাশ করা হবে। তার দাবি, পাকিস্তানের অভ্যন্তরে নাশকতা ও হামলা চালাতে আফগানিস্তানকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। এদিকে বেলুচিস্তানে চলমান ‘অপারেশন শাবান’-এ শুক্রবার আরো ১৭ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। এর ফলে চলমান এই বিশেষ অভিযানে নিহতের মোট সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। মাঙ্গি ড্যাম পুলিশ স্টেশনে একটি প্রাণঘাতী হামলার ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর (এফসি) ও বেলুচিস্তান পুলিশের যৌথ অংশগ্রহণে এই সাঁড়াশি অভিযান শুরু হয়। এর আগে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, সশস্ত্র ব্যক্তিরা পুলিশ চৌকিতে আক্রমণ চালালে পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। প্রাথমিক সংঘর্ষে ১৫ জন হামলাকারী নিহত হলেও ৯ জন পুলিশ সদস্য প্রাণ হারান। পরে হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে আটক করলে নিরাপত্তা বাহিনী সতর্কতার সাথে অভিযান চালিয়ে জিয়ারাত এলাকার পাহাড়ে তাদের ঘিরে ফেলে।

তার ভাষ্যমতে, গত ৬ জুলাই থেকে সেখানে অভিযান চলছিল। একপর্যায়ে সন্ত্রাসীরা চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে বুঝতে পেরে তাদের হাতে আটক থাকা আরো ১৮ জন পুলিশ সদস্যকে হত্যা করে। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আরো জানান, মাঙ্গি চেকপোস্টে হামলায় সর্বমোট ২৭ জন পুলিশ সদস্য নিহত হন এবং ওই অভিযানে ২৬ জন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে খুজদারের একটি পুলিশ স্টেশনে চালানো হামলাও সফলভাবে প্রতিহত করা হয়েছে। পরবর্তী অভিযানে আরো আটজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।

নিরাপত্তা সূত্রের দাবি, ৫ জুলাই থেকে শুরু হওয়া অপারেশন শাবান ও অন্যান্য গোয়েন্দাভিত্তিক অভিযানে মোট ৯১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া পৃথক হেলিকপ্টার অভিযানে আরো পাঁচ থেকে ছয়জন নিহত হওয়ার কথাও জানানো হয়েছে। এদিকে সাম্প্রতিক তিনটি পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ মোট ৪২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কোয়েটায় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান-সংক্রান্ত প্রাদেশিক অ্যাপেক্স কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেলুচিস্তানে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসবাদ’ নির্মূলে বেসামরিক ও সামরিক নেতৃত্বের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।