কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অর্জন করেছে ইছানগরের ‘কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতি’। দ্বিতীয় হয়েছে শিকলবাহার ‘অহিদিয়া কাশেম মাঝি’র দল এবং তৃতীয় স্থান পেয়েছে চরপাথরঘাটার ‘রনি’র দল।
গত রোববার বিকেলে নগরের অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে প্রতিযোগিতা কর্ণফুলী ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১১টি সাম্পান দল এতে অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে কর্ণফুলী নদীর দুই তীরে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মির্জা ইসমাইল।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামান নিজাম বলেন, ‘কর্ণফুলী নদী ও সাম্পান খেলা চট্টগ্রামের ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি আরও বলেন, ‘কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কর্ণফুলী নদী রক্ষা অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মো. ইদ্রিস মিয়া, কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনূর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকেরা জানান, কর্ণফুলী নদীর ঐতিহ্যবাহী সাম্পান সংস্কৃতি ও নদীকেন্দ্রিক জীবনধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।



