আনাদোলু এজেন্সি
হাঙ্গেরির দানিউব নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় দেশটির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে বন্ধ হতে যাচ্ছে। আজ সোমবার থেকে কেন্দ্রটির কার্যক্রম স্থগিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাজার।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পিটার মাজার বলেন, দানিউব নদীর পানির স্তর আরো কমে যাওয়ায় সোমবার রাত ১টা ৩০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির শেষ দু’টি উৎপাদন ইউনিটের একটি বন্ধ করে দেয়া হবে। এর ফলে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা নেমে আসবে মাত্র ২৪০ মেগাওয়াটে। এরপর সোমবারই ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পুরো কেন্দ্রটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, পরিস্থিতির উন্নতি না হলে সোমবার থেকেই দেশে জ্বালানি সঙ্কট শুরু হতে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি সম্ভাব্য সঙ্কট এড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনগণকে স্বেচ্ছায় বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান। হাঙ্গেরির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ করে পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে দানিউব নদীর পানির স্তর কমে যাওয়ায় এর উৎপাদনক্ষমতা ইতোমধ্যে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। মধ্য ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার কারণে দানিউব নদীর পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে গেছে।



