মার্কেসের ১৮তম বিশ্বকাপ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ইতিহাসের জীবন্ত সাক্ষী বলা হয় তাকে। ৯১ বছর বয়সেও মাঠে-ঘাটে ছুটে বেড়াচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকাইয়া মার্কেস। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ থেকে শুরু করে টানা ১৮টি পুরুষদের ফুটবল বিশ্বকাপ কভার করার বিরল কীর্তি গড়েছেন তিনি। মাত্র ২৪ বছর বয়সে প্রথম বিশ্বকাপ কভার করতে সুইডেনে গিয়েছিলেন মাকাইয়া। সেখানে ১৭ বছর বয়সী এক উদীয়মান ফুটবলারের নাম প্রথম শোনেন পেলে। তবে তার সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি আর্জেন্টিনার ৬-১ গোলে চেকোস্লোভাকিয়ার কাছে পরাজয়, যা দেশটিতে এখনো ‘সুইডেন বিপর্যয়’ নামে পরিচিত। প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি পেলে, দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসিসহ ফুটবল ইতিহাসের অসংখ্য কিংবদন্তিকে কাছ থেকে দেখেছেন।

২০১৮ সালে লিওনেল স্কালোনিকে আর্জেন্টিনার কোচ নিয়োগের সময় তিনি আশাবাদী ছিলেন না। তবে স্কালোনির অধীনে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ের পর নিজের মূল্যায়নে সংযমী থাকার গুরুত্ব আরো বেশি উপলব্ধি করেন। তার ভাষায়, ‘কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া উচিত নয়।’

মেসি নাকি ম্যারাডোনা এই চিরন্তন বিতর্কেও নির্দিষ্ট কোনো পক্ষ নেননি মাকাইয়া। তার মতে, ভিন্ন সময়, ভিন্ন প্রতিপক্ষ ও ভিন্ন বাস্তবতার ফুটবলারদের সরাসরি তুলনা করা সম্ভব নয়। একই কারণে ১৯৭০ সালের ব্রাজিল ও ১৯৮৬ সালের আর্জেন্টিনা দলকেও তুলনাযোগ্য মনে করেন না তিনি । বিশ্বকাপ জয়কে নিজের সবচেয়ে প্রিয় স্মৃতি উল্লেখ করলেও মাকাইয়ার মতে, পরাজয়ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ প্রায় ৭০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে তিনি অবসরের ইঙ্গিত দিয়েছেন। তবে হাসতে হাসতেই বলেছেন, ‘একদিন অবসর নেবই, আপাতত ফোনটা রাখছি, বাকিটা আরেকদিন।’