আসছে ডিজিটাল নাক!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করে ফেলেছেন ডিজিটাল নাক। এমন এক যন্ত্র, যাতে অসংখ্য সেন্সর বসানো আছে। কোনো খাবারের উপর দিয়ে যন্ত্রটি ঘোরালে, সেই সেন্সর গন্ধ শুঁকে বলতে পারবে খাবারটি একেবারে টাটকা কি না অথবা সেই খাবারটি খাওয়া নিরাপদ হবে কি না।

যন্ত্রটিতে ক্ষুদ্র চিপ বসানো আছে। তার সাথে জোড়া আছে অসংখ্য সেন্সর। গবেষকেরা জানাচ্ছেন, যন্ত্রটি এমন ভাবে তৈরি করা হয়েছে যা ভবিষ্যতে ফ্রিজ বা স্মার্টফোনের মতো রোজের ব্যবহারের জিনিসের সাথেও বোঝা যাবে, যা খাবার নষ্ট হওয়ার আগেই সতর্ক করবে। এমনকি, রেস্তোরাঁয় গিয়ে খাবারের উপর এই যন্ত্রটি ঘুরিয়ে নিলেই বোঝা যাবে, খাবারটি নিরাপদ কি না। যদি খাবারে প্রিজারভেটিভ মিশিয়ে টাটকা দেখানোর চেষ্টা হয়, তা হলে সেটিও ধরা পড়বে যন্ত্রটিতে।

খাবার যখন নষ্ট হতে শুরু করে বা পচে যায়, তখন সেখান থেকে বিশেষ কিছু গ্যাস বা জৈব যোগ তৈরি হয়, যা মানুষের নাকে ধরা পড়ে না। কিন্তু এই যন্ত্রের সেন্সর তা চিনতে পারে। তা ছাড়া যন্ত্রটিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা খাবারের ভেতরে ঘটে চলা রাসায়নিক বদলগুলোকেও বুঝতে পারে। সেই খাবারটি হজমে সহায়ক কি না বা তাতে এমন কিছু মিশে আছে কি না, যা খেলেই অ্যালার্জি হতে পারে, সে সঙ্কেতও দিতে পারে। গবেষকেরা জানাচ্ছেন, ফ্রিজে অনেক দিন ধরে রেখে দেয়া কাঁচা মাছ বা গোশতে জীবাণু সংক্রমণ ঘটেছে কি না, তা বুঝতেও যন্ত্রটির প্রয়োগ করা যেতে পারে। অথবা সারা দিন ধরে ফ্রিজের বাইরে রাখা রয়েছে যে খাবারটি, সেটি খেলে পেটের সমস্যা হবে কি না- তা যন্ত্র ঘুরিয়েই বোঝা যাবে।

গবেষকদের আশা, যন্ত্রটি পরবর্তী সময়ে চিকিৎসার কাজেও লাগানো যাবে। রোগীর গায়ের গন্ধ চিনে রোগ ধরার মতো প্রযুক্তিও এই যন্ত্রটির সাথে জুড়ে দেয়া যাবে বলেই মনে করছেন গবেষকরা।