গোলাপগঞ্জে সেলিম উদ্দিনের জনসভা

১১ দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে : মামুনুল হক

Printed Edition
সিলেট-৬ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক :  নয়া দিগন্ত
সিলেট-৬ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং তারা দুর্নীতি ও সন্ত্রাসের অবসান ঘটিয়ে ইসলামী শাসনব্যবস্থা দেখতে উন্মুখ হয়ে আছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

মাওলানা মামুনুল হক বলেন, শাহজালালের এই পুণ্যভূমি আগামী দিনে ইসলামপন্থীদের প্রধান ঘাঁটিতে পরিণত হবে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এখন ‘দাঁড়িপাল্লা’র দুর্ভেদ্য ঘাঁটি। তিনি বলেন, “মানুষ এখন পুরাতনদের আর ক্ষমতায় দেখতে চায় না। দেশবাসী চায় একজন সৎ ও আল্লাহভীরু শাসক। আগামী দিনে এই দেশে কেবল ‘বাংলাদেশপন্থীদের’ রাজনীতি চলবে।”

জনসভায় মাওলানা মামুনুল হক আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জোরালো আহ্বান জানিয়ে বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়া মানেই জুলাই অভ্যুত্থানের বিজয় এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হওয়া। এটি আজাদি ও গোলামির মধ্যকার লড়াই।” তিনি জোটের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এক চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘নির্বাচনে ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে সিলেটবাসী আগামী দিনের প্রধানমন্ত্রী পাবে (ডা: শফিকুর রহমানকে ইঙ্গিত করে)। তাই ভারতীয় আগ্রাসন রুখে দিতে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।’

সিলেট-৬ আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন তার বক্তব্যে নির্বাচিত হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে একটি আধুনিক, উন্নত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সিলেট মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুসহ জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সভাটি পরিচালনা করেন হাবিবউল্লাহ দস্তগীর ও এহতেশামুল আলম জাকারিয়া।