বিয়ে নিয়ে মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

Printed Edition
আদালত চত্বরে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা :  নয়া দিগন্ত
আদালত চত্বরে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা : নয়া দিগন্ত

আদালত প্রতিবেদক

অন্যের স্ত্রীকে ডিভোর্স সম্পন্ন হওয়ার আগে বিয়ে করার অভিযোগে দায়ের হওয়া মামলায় খালাস পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৬ মে মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এদিন ধার্য করেন। শুনানিকালে বাদিপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব ও তামিমার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসাইনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি রাকিবের নজরে আসে। তার দাবি ছিল, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও প্রচলিত আইন অনুযায়ী অবৈধ।

মামলায় দণ্ডবিধির ৪৯৭, ৫০০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। অভিযোগের মধ্যে ছিল আগের বিয়ের তথ্য গোপন করে পুনরায় বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করা, ব্যভিচার ও মানহানি।

তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো: মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তবে মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেয়া হয়।

২০২৩ সালের মার্চে বাদি রাকিব হাসানের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ১০ জনের সাক্ষ্য নেয়া হয়। পরবর্তীতে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্য নেয়া হয়। এ সময় তামিমা দাবি করেন আইনগতভাবে আগের স্বামীকে তালাক দেয়ার পরই নাসির হোসাইনকে বিয়ে করেছেন।

সবশেষে মামলার সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মিকে অভিযোগ থেকে খালাস দেন।