জুলাই আন্দোলনের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সর্বকনিষ্ঠ শহীদ স্কুলছাত্র জুনায়েদ ইসলাম রাতুলের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির। গত বুধবার বাদ জোহর বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ রাতুলের কবর জিয়ারত, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি শফিকুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে শহীদ রাতুলের বাবা, দাদা, স্বজন ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। জোহরের নামাজের পর উপস্থিত সবাই জুলাই আন্দোলনের সব শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতে অংশ নেন। এ সময় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শ ধারণের আহ্বান জানান। বগুড়া অফিস।



