লালদীঘিতে ১১ দলের মহাসমাবেশ আজ প্রধান অতিথি জামায়াত আমির

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় জোটের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ। জাতীয় নির্বাচনের পর চট্টগ্রামে বিরোধী জোটের এটাই সবচেয়ে বড় জনসমাবেশ। সমাবেশ থেকে সরকারের প্রতি বিশেষ বার্তা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির দিকনির্দেশনা আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এতে পাঁচ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি। জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম নগরীসহ কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।

ইতোমধ্যে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণসহ শেষমুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মাঠ পরিদর্শনকালে সমাবেশের সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দুর্নীতি-দুঃশাসনের অবসানের দাবিতে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে তার প্রতিফলন ও দৃশ্যমান অগ্রগতি নেই।

সমাবেশে আরো বক্তব্য রাখবেন- বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ইতোমধ্যে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারি এবং জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলামসহ শীর্ষ নেতারা চট্টগ্রামে এসে পৌঁছেছেন। গতকাল মাঠ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইব, এলডিপির সৈয়দ গিয়াস উদ্দিন আলম, এবি পার্টির অ্যাডভোকেট গোলাম ফারুক এবং লেবার পার্টির আলাউদ্দিন মিয়াসহ শরিক দলের স্থানীয় নেতারা।