হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই : রুমিন ফারহানা

Printed Edition

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ (সারেন্ডার) করবেন, জামিন চাইবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।

গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। তিনি ফিরবেন, ফিরে আদালতে সারেন্ডার করবেন, বেইল চাইবেন। এটি আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর, সে অনুযায়ী যা হওয়ার তাই হবে।

বিরোধীদলের ছায়ামন্ত্রিসভা গঠনের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছায়ামন্ত্রিসভা গঠনের সংস্কৃতি রয়েছে। বিরোধীদলের এ উদ্যোগ ইতিবাচক, আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। তারা যদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা করে এবং কোথায় কী ভুলভ্রান্তি আছে সে বিষয়ে ইতিবাচক ফিডব্যাক দেয়, তাহলে অবশ্যই সেটি স্বাগতযোগ্য। পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুমিন ফারহানা।