কূটনৈতিক প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন থমাস কোহলার তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে আসছেন। তিনি নৌবাহিনীর ২২ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র কয়েকদিন পরই মার্কিন নৌবাহিনীর শীর্ষ এই কর্মকর্তা আসছেন।
কূটনৈতিক সূত্র মতে, অ্যাডমিরাল কোহলার সফর এ অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরছে। একই সাথে এটি ওয়াশিংটন ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামরিক-বেসামরিক সফরগুলো বাংলাদেশের কৌশলগত গুরুত্বকে বাড়িয়ে তুলছে। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগে ক্রমবর্ধমান গতি স্পষ্ট হচ্ছে।
এর আগে কোহলার ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক এবং ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের তৃতীয় নৌবহরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।



