গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি শেষ পর্ব (২০২৩) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন বরিশাল ল কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। কলেজটির ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করলেন।
বরিশাল ল কলেজের অধ্যক্ষ মো: মোস্তফা জামাল খোকন বলেন, জান্নাতুল ফেরদৌসের এই সাফল্যে কলেজ পরিবার গর্বিত। উপাধ্যক্ষ অ্যাডভোকেট মো: জহিরুল ইসলাম বলেন, তার এই অর্জন বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।
কলেজ সূত্রে জানা গেছে, এলএলবি শেষ পর্বের পরীক্ষায় বরিশাল ল কলেজ থেকে ২৮৩ জন অংশ নেন। তাদের মধ্যে ২৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম শ্রেণীতে একজন, দ্বিতীয় শ্রেণীতে ১৭৭ জন এবং তৃতীয় শ্রেণীতে ৭৫ জন পাস করেছেন।
জান্নাতুল ফেরদৌসের জন্ম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে। প্রায় এক যুগ আগে স্বামীর চাকরির সুবাদে তিনি বরিশালের গৌরনদীতে আসেন। বর্তমানে তিনি একটি ইংলিশ কোচিং সেন্টার পরিচালনার পাশাপাশি বরিশাল ল’ কলেজে পড়াশোনা সম্পন্ন করলেন।
তিনি বলেন, এই সাফল্যের পেছনে তিনি বাবা-মা, স্বামী ও শিক্ষকদের কাছে ঋণী’। সেই সাথে তিনি বরিশাল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. মাহফুজ আলমের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, কলেজের শিক্ষকদের আন্তরিক পাঠদান ও নিজস্ব হ্যান্ডনোট শিক্ষার্থীদেরকে ভালো ফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



