মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে সামাজিক ও সেবামূলক কাজের মাধ্যমে নজর কেড়েছে ‘মির্জাগঞ্জ ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রসূতি মা, থ্যালাসেমিয়া রোগী ও দুর্ঘটনাকবলিতদের নিখরচায় রক্তদান, পরিবেশ রক্ষা ও শীতার্তদের সহায়তায় কাজ করে সংগঠনটি এলাকায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
২০১৯ সালের অক্টোবরে স্থানীয় কয়েকজন যুবকের হাত ধরে ‘আমরাই গড়বো আগামীর মির্জাগঞ্জ’- স্লোগান নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। বর্তমানে শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ এতে প্রায় ১৫৭ জন সক্রিয় সদস্য রয়েছেন। কোনো রাজনীতি বা বাইরের অনুদান ছাড়া সদস্যদের নিজস্ব চাঁদায় চলে এর সার্বিক কার্যক্রম। গত পাঁচ বছরে তারা এক হাজার ৭৮৩ জন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এ ছাড়া শীতবস্ত্র বিতরণ, ইফতার পরিবেশন ও ভাঙা সেতু মেরামতের মতো সামাজিক কাজও করে যাচ্ছেন তারা।
উপজেলার সুবিধখালী হাসপাতালের চিকিৎসক ড. শাহনেওয়াজ চৌধুরী বলেন, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে মির্জাগঞ্জ ফাউন্ডেশনই সবার ভরসা। রোগীদের সহায়তায় তাদের এই নিষ্ঠা সত্যিই বিরল। স্থানীয় বিত্তবানদের সহায়তায় ফাউন্ডেশনের উদ্যোগে একটি স্থায়ী ব্লাড ব্যাংক ও উপবৃত্তি চালু করার পরিকল্পনা করছেন সংগঠনের পরিচালনা পর্ষদের নেতারা।



