চুনতীর মাহফিলে ৬ষ্ঠ দিবসে বক্তারা

তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব

Printed Edition

হজরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ:) প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা:-এর ৬ষ্ঠ দিবস রোববার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর শাহ্ মনজিল সিরাত ময়দানে আলহাজ মাওলানা মুনিরুল মন্নান কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় তাকওয়া, নৈতিকতা, পোশাক-পরিচ্ছদ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সা:-এর সিরাত ও আদর্শের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আলোচকরা। ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ আদিল ‘তাকওয়ার পরিচয় ও মানবজীবনে এর অপরিহার্যতা’ বিষয়ে বলেন, তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে। আল্লাহভীতি ও জবাবদিহির অনুভূতি মানুষের ব্যক্তিজীবন ও সমাজকে সুশৃঙ্খল করে। পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যাপক আলহাজ মাওলানা মাহমুদুল হাসান ‘নৈতিক অবক্ষয় রোধে রাসূল সা:-এর সিরাতের শিক্ষা’ বিষয়ে বলেন, রাসূলুল্লাহ সা:-এর পবিত্র চরিত্র ও জীবনাদর্শ নৈতিকতা প্রতিষ্ঠার সর্বোত্তম পথনির্দেশনা। তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজ থেকে অন্যায়, অনাচার ও নৈতিক অবক্ষয় দূর করা সম্ভব। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ মাওলানা মুহাম্মদ জিয়াউল করিম ‘পোশাক-পরিচ্ছদ ও সাজ-সজ্জায় ইসলামের দিকনির্দেশনা’ বিষয়ে বলেন, ইসলাম পরিচ্ছন্নতা ও সৌন্দর্যচর্চাকে উৎসাহিত করেছে; তবে পোশাক ও সাজ-সজ্জায় শালীনতা, পরিমিতিবোধ এবং ইসলামী বিধান মেনে চলা জরুরি। ঢাকার মারকাজুন নাহদা ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা এনামুল হক আযাদী ‘সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূল সা:-এর অবদান’ বিষয়ে বলেন, রাসূলুল্লাহ সা: ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।