নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’ বলে কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার যে মন্তব্য করেছেন- তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রথিতযশা কলামিস্ট, কবি ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মজহার সম্প্রতি একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। আমি জনাব ফরহাদ মজহারের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সাথে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরেুদ্ধে চব্বিশের জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করেছিল। জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে যদি কেউ আওয়ামী লীগের সাথে মেলানোর চেষ্টা করে, তাহলে জনগণ তাদের ফ্যাসিস্টদের দোসর কিংবা পুনর্বাসনকারী হিসেবে শনাক্ত করবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট, গণহত্যাকারী দলের রাজনীতি করার সুযোগ থাকবে না বলে আমরা বিশ্বাস করি।



