রয়টার্স
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে অর্জিত অগ্রগতি রক্ষা করার পাশাপাশি অবশ্যই পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার ১ জুলাই চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেয়া ৪০ মিনিটের এক ভাষণে দলটির মহাসচিব শি এসব কথা বলেন।
মাও সে তুংয়ের পর চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা শি কর্মীদের দলীয় কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সক্রিয়ভাবে পরিবর্তনকে শনাক্ত করার ও তার সাথে খাপ খাইয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘চীনের উন্নয়ন বর্তমানে এমন এক পর্যায়ে রয়েছে যেখানে কৌশলগত সুযোগ, ঝুঁকি ও বাধা একসাথে রয়েছে।’ শি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্যা মোকাবেলায় দলের প্রচেষ্টাকে আরো ভালোভাবে সমন্বিত করার আহ্বান জানিয়েছেন।
দলের অগ্রগতি ও ‘বিশুদ্ধতার’ জন্য ক্ষতিকর দিকগুলো ও ‘দলের সুস্থ দেহকে ক্ষয়কারী সব ভাইরাস’ নির্মূল করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি তাইওয়ানের সাথে ‘পুনর্মিলন’ অর্জনের বিষয়েও কথা বলেছেন। এই লক্ষ্য পূরণে দলের কৌশল পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। শি ২০১২ সালে চীনের কমিউনিস্ট পার্টির মহাসচিব নির্বাচিত হন। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি দলে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে, সদস্যদের মধ্যে আনুগত্য ও অটল শৃঙ্খলা আনতে আর চীনের বৈশ্বিক প্রভাব বাড়াতে কাজ করে চলছেন।
তিনি মাওয়ের পর চীনের সবচেয়ে বিস্তৃত দুর্নীতি দমন অভিযান শুরু করেন।



