চূড়ান্ত অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যা হাসপাতাল

Printed Edition

সিলেট ব্যুরো

নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পরও পরিচালনাকারী কর্তৃপক্ষের অভাবে চালু হচ্ছিল না ৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল। তবে এবার সব প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে চালুর পথে আরো এক ধাপ এগিয়ে গেছে বহুল আলোচিত হাসপাতালটি। দীর্ঘ জটিলতার পর আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে নগরীর চৌহাট্টা সংলগ্ন আলিয়া মাদরাসা মাঠ এলাকায় নির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এক স্ট্যাটাসে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আজ সিলেটে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হলে অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে এবং সাধারণ মানুষ আধুনিক চিকিৎসাসেবার অধিকতর সুযোগ পাবে।